উপজেলা খবর

অটোরিকশায় মাদক বহন, দেশীয় তৈরি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের টানমান্দাইল শান্তিপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ব্যাটারিচালিত অটোরিকশায় করে দেশীয় তৈরি মদ বহনের অভিযোগে মো. রিয়াজ মিয়া (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় অটোরিকশাটি তল্লাশি করে ৪০ লিটার দেশীয় তৈরি মদ উদ্ধার করা হয়।

রোববার (১৬ আগস্ট) সকাল ১১টা ৫ মিনিটে আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের টানমান্দাইল শান্তিপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল।

গ্রেপ্তার রিয়াজ মিয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কামালপুর গ্রামের মো. তাজুল ইসলামের ছেলে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি ব্যাটারিচালিত অটোরিকশা আটক করা হয়। পরে অটোরিকশাটি তল্লাশি করে দেশীয় তৈরি ৪০ লিটার মদ উদ্ধার করা হয় এবং মাদক বহনের অভিযোগে রিয়াজ মিয়াকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা মাদক ও অন্যান্য মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।