ফেইসবুকে হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার অভিযোগে আসাদুজ্জামান ওয়াসিম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আখাউড়া থানা পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার আইরল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের মো. রতনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসাদুজ্জামান ফেসবুকে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তিমূলক পোস্ট দিলে তা ছড়িয়ে পড়ে। এতে ক্ষুব্ধ হয়ে কয়েকশ’ মানুষ তার বাড়ির সামনে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে আখাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, পরিস্থিতি সামাল দিতে তাৎক্ষণিক তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।




