২৪ সেপ্টেম্বর, ২০২৬

শিক্ষা ও ক্যাম্পাস

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে উচ্চশিক্ষায় নতুন ৯ বিষয়ের অনুমোদন

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে অনার্স পর্যায়ে ৫টি এবং মাস্টার্স শেষ পর্বে ৪টি বিষয় চালুর অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামলের আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে জেলার নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-৪ শাখা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে পাঠানো এক চিঠিতে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। উপসচিব ড. জান্নাতুল ফেরদৌসের স্বাক্ষরিত ওই চিঠির সূত্র হিসেবে সংসদ সদস্যের ৬ সেপ্টেম্বরের ডিও পত্রের উল্লেখ রয়েছে।

চিঠি অনুযায়ী, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকে অনার্স পর্যায়ে উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), ফিন্যান্স এবং হিসাববিজ্ঞান বিষয় চালুর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়কে অনুরোধ করা হয়েছে। আর ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ থেকে মাস্টার্স শেষ পর্বে বাংলা, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিষয় চালুর কথা বলা হয়েছে।

সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল তাঁর ডিও পত্রে শিক্ষামন্ত্রীর কাছে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকে ওই কলেজে উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা, আইসিটি, ফিন্যান্স ও হিসাববিজ্ঞান বিষয়ে অনার্স কোর্স চালুর অনুমতি চান। চিঠিতে তিনি উল্লেখ করেন, কলেজটিতে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ থেকে বাংলা, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে। শিক্ষার্থী, সুধীজন ও অভিভাবকদের প্রত্যাশার কথা বিবেচনায় নতুন বিষয়গুলো চালু করা জরুরি বলে তিনি জানান। একই সঙ্গে চিঠিতে বলা হয়, এসব কোর্স চালুর মতো প্রয়োজনীয় ভৌত অবকাঠামো ও শিক্ষক কলেজে বিদ্যমান আছে।

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ জেলার নারী শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। নতুন বিষয়গুলো চালু হলে বিজ্ঞান, প্রযুক্তি, ব্যবসায় শিক্ষা, মানবিক ও সামাজিক বিজ্ঞানের বিভিন্ন শাখায় স্থানীয় শিক্ষার্থীদের পড়ার সুযোগ তৈরি হবে। পছন্দের বিষয়ে পড়াশোনার জন্য জেলার বাইরে যাওয়ার প্রয়োজনও কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

btimes desk