২৪ সেপ্টেম্বর, ২০২৬

উপজেলা খবর

সরাইলে পুলিশের মাদকবিরোধী র‍্যালি

মাদকের ভয়াবহতা রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান; র‍্যালিতে রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ

মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বিকেলে সরাইল থানার আয়োজনে থানার সামনে থেকে এ র‍্যালি বের করা হয়। র‍্যালিতে অংশগ্রহণ করেন সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জাহাঙ্গীর আলম এবং সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন মাস্টার,উপজেলা বিএনপির সহ-সভাপতি মহিউদ্দিন সরকার,উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মো. নুর আলম,যুবদল নেতা মো. সাইফুল মিয়াসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তারা বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার পাশাপাশি খেলাধুলা ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়।

র‍্যালি ও সমাবেশে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

প্রতিবেদক