সংগঠন ও কমিটি

ময়লার স্তূপে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, স্থায়ী সমাধানের দাবি

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার আমিনপুর এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তূপে বাড়ছে পরিবেশ ও জনস্বাস্থ্যঝুঁকি। এ সমস্যা নিরসনে দ্রুত বর্জ্য অপসারণের পাশাপাশি স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

রোববার (১৬ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ মিলনায়তনে ‘ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া’র উদ্যোগে ভুক্তভোগী পরিবারের সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভায় এসব দাবি জানানো হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ। সভাটি সঞ্চালনা করেন ‘ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া’র আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজী।

সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ময়লার স্তূপ পড়ে থাকায় স্থানীয়দের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দুর্গন্ধের পাশাপাশি মশা-মাছির উপদ্রব ও পরিবেশদূষণ বেড়েছে। এতে শিশু, বয়স্কসহ সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।

তারা বলেন, দীর্ঘদিন ধরে সমস্যাটি চলমান থাকলেও এখন পর্যন্ত স্থায়ী সমাধান না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। শুধু একবার ময়লা অপসারণ করে সমস্যার সমাধান সম্ভব নয়। নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার ব্যবস্থা, নিয়মিত বর্জ্য অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি একই স্থানে যাতে পুনরায় ময়লার স্তূপ তৈরি না হয়, সে জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে।

মতবিনিময় সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সাধারণ সম্পাদক আলী আজম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তানিম শাহেদ রিপন, মডেল গার্লস স্কুলের অধ্যক্ষ আব্দুল লতিফ, শাহিনুর রহমান, মাহফুজুর রহমান পুষ্প, মোহাম্মদ সাবের হোসাইন, তারিফ হাসান, সাঈদ আব্দুল্লাহ হিমু ও আব্দুল্লাহ খান জুবায়েরসহ স্থানীয় ভুক্তভোগী পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভায় বক্তারা জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগের দাবি জানান। পাশাপাশি নিয়মিত বর্জ্য অপসারণ এবং সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগে দীর্ঘদিনের এ সমস্যা দ্রুত সমাধান হবে। এতে এলাকার বাসিন্দারা ফিরে পাবেন পরিচ্ছন্ন, নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ।

btimes desk