আখাউড়া

খড়মপুর শাহ্ পীর কল্লাহ্ শহীদ (রহঃ)-এর বার্ষিক ওরশ: নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন পুলিশ সুপার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া):
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হযরত শাহ্ সৈয়দ আহাম্মদ গেছু দারাজ প্রকাশ্য খড়মপুর শাহ্ পীর কল্লাহ্ শহীদ (রহঃ)-এর বার্ষিক ওরশ উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ।

১০ আগস্ট সোমবার থে‌কে সপ্তাহব্যাপী এই বার্ষিক ওরশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে ওরশের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে রবিবার (০৯ আগস্ট ২০২৬) মাজার প্রাঙ্গণ পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে পুলিশ সুপার ওরশে আগত দেশ-বিদেশের হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীর নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতকরণে নানা দিকনির্দেশনা দেন। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য এবং মাজার কমিটির নেতৃবর্গের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

উপস্থিত দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, “পবিত্র এই ওরশ শরিফে আগত পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য। সকলকে সর্বোচ্চ সতর্কতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”

পরিদর্শনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং মাজার পরিচালনা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। আইন-শৃঙ্খলা বাহিনীর সুসংহত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে ওরশ শরিফ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Btimes desk