ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ১ লাখ ৪৪ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ তিন চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সিগারেট বহনকারী একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।
শনিবার (৮ আগস্ট) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সোহাগপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আশুগঞ্জ থানা পুলিশ।
পুলিশ জানায়, অভিযানের সময় সোহাগপুর এলাকায় একটি সিএনজি অটোরিকশা আটক করা হয়। যার নিবন্ধন নম্বর ব্রাহ্মণবাড়িয়া-থ-১১-৬৪৬৯। পরে সিএনজিতে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে দেশে আনা ১ লাখ ৪৪ হাজার শলাকা PATRON ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নরসিংদীর শিবপুর উপজেলার বংশীদিয়া গ্রামের হাবিব মিয়ার ছেলে মো. হিমেল মিয়া, পলাশ উপজেলার ফুলবাড়িয়া গ্রামের মৃত জাকির হোসেন গাজীর ছেলে মো. রাইসুল এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নাসিরনগর গ্রামের মৃত আলফু মিয়ার ছেলে আব্দুল আওয়াল।
পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত সিগারেট ও সিএনজি অটোরিকশা উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

