ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানা পুলিশের একটি দল উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মনিয়ন্দ মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি নম্বরবিহীন সিএনজি চালিত অটোরিকশা আটক করা হয়। পরে অটোরিকশাটি তল্লাশি করে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, নরসিংদী জেলার শিবপুর থানার কারারচর গ্রামের মৃত সোহেল মিয়ার ছেলে সুজন মিয়া। তিনি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মাঝিয়ারা এলাকায় বসবাস করেন। অপরজন বাঞ্ছারামপুর উপজেলার দড়িকান্দি গ্রামের কাজী ইদ্রিস মিয়ার ছেলে কাজী রাব্বি। তিনিও বর্তমানে নবীনগর উপজেলার মাঝিয়ারা এলাকায় বসবাস করেন।
পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট এবং ব্যবহৃত অটোরিকশা বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।



