মুক্তিযুদ্ধে আত্মদানকারী ভারতীয় মিত্রবাহিনীর সদস্যদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মিত ‘মৈত্রীস্তম্ভ’ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক মো. আবুসাঈদ স্মৃতিস্তম্ভটির উদ্বোধন করেন। পরে এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
আশুগঞ্জ উপজেলার কামাউরা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নির্মিত হয়েছে মৈত্রীস্তম্ভটি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতীয় মিত্রবাহিনীর সদস্যদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে এর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এটি নির্মাণে ব্যয় হয়েছে ৭২ কোটি টাকা।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক মৈত্রীস্তম্ভটি ঘুরে দেখেন এবং পরে দর্শনার্থীদের জন্য এটি উন্মুক্ত ঘোষণা করেন। মৈত্রীস্তম্ভ পরিদর্শনে দর্শনার্থীদের জন্য ২০ ও ৩০ টাকা টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে।
এ সময় জেলা প্রশাসকের সঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে, আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।




