ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রাইভেটকারে করে গাঁজা পরিবহনের সময় ১২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টা ৫ মিনিটের দিকে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আশুগঞ্জ থানার একটি দল অভিযান চালিয়ে ঢাকা মেট্রো-গ-১৩-৮২১২ নম্বরের একটি প্রাইভেটকার আটক করে। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজা বহনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা গাঁজা ও প্রাইভেটকারটি বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হবিগঞ্জ সদর উপজেলার পইল উত্তরপাড়ার ফরিদ মিয়ার ছেলে মো. নুরুল আমিন মিয়া, নামাফুল এলাকার ছমির মিয়ার ছেলে মো. আতাউর রহমান এবং পইল এলাকার মো. সেলিম মিয়ার ছেলে মো. মনির মিয়া।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার নুরুল আমিনের বিরুদ্ধে এর আগে দুটি মামলা রয়েছে।
এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।



