আইন ও অপরাধ

বিজয়নগরে ২ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, পাথরের নিচে লুকানো ছিল ১,৯২৫ পিস

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পাথরের নিচে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১ হাজার ৯২৫ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় শাড়ি পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও আটক করা হয়। জব্দ করা শাড়ি ও ট্রাকের আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৭৫ হাজার ৫০০ টাকা

সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সরাইল ব্যাটালিয়নের অধীন ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার-২০০১/এমপি থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হয়ে ঢাকাগামী একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামিয়ে তল্লাশি করা হয়। পরে ট্রাকের পাথরের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ভারতীয় উন্নতমানের ১ হাজার ৯২৫ পিস শাড়ি পাওয়া যায়।

বিজিবির হিসাবে, জব্দ করা ভারতীয় শাড়ি ও ট্রাকের আনুমানিক সিজার মূল্য ২,০০,৭৫,৫০০ টাকা। জব্দ মালামাল ও ট্রাক আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সরাইল ব্যাটালিয়ন জানিয়েছে, তাদের দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোরাচালানি মালামাল আটক করা হচ্ছে।

btimes desk