ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৮০ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
রোববার (১৩ সেপ্টেম্বর) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান চালানো হয়।
৬০ বিজিবি জানায়, ব্যাটালিয়নের অধীন মাদলা, খাদলা, সালদানদী ও শশীদল বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় শাড়ি, গরু, বাজি, রেডবুল এনার্জি ড্রিংকস, বাসমতি চাল ও টিনা সাবান জব্দ করা হয়।
জব্দ করা পণ্যগুলোর আনুমানিক মূল্য ৭৯ লাখ ৯৬ হাজার ৩২০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
৬০ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে নিয়মিতভাবে অভিযান ও গোয়েন্দা তৎপরতা পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান চালানো হয়।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের দিকনির্দেশনায় অভিযানগুলো পরিচালিত হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।




