সরাইলের বিভিন্ন এলাকার অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তা চিহ্নিত করে ওয়ার্ড পর্যায়ে সুনির্দিষ্ট তালিকা তৈরি করা হবে। অগ্রাধিকারের ভিত্তিতে জনদুর্ভোগ কমাতে প্রয়োজনীয় উন্নয়নকাজ দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন।
সোমবার (১০ আগস্ট) বিকেলে সরাইল উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত যৌথ মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নাদিয়া পাঠান পাপন বলেন, সরকারি দায়িত্বের কারণে এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ থাকলেও প্রতিটি ক্ষেত্রে নির্দিষ্ট সীমাবদ্ধতা রয়েছে। সম্প্রতি তিনি নিজে বিভিন্ন এলাকা ঘুরে উন্নয়নের প্রয়োজনীয়তা চিহ্নিত করার চেষ্টা করেছেন। তবে স্বল্প সময়ে সব এলাকার চাহিদা নিয়ে একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা সম্ভব হয়নি।
তিনি বলেন, এখন থেকে প্রতিটি ওয়ার্ডে দলীয় নেতাদের মাধ্যমে এলাকার অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয় বিষয়গুলো চিহ্নিত করে সুনির্দিষ্ট তালিকা তৈরি করা হবে। যেসব এলাকায় উন্নয়নের প্রয়োজন সবচেয়ে বেশি, সেগুলোকে অগ্রাধিকার দিয়ে দ্রুত কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
মতবিনিময় সভায় সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর সঞ্চালনায় উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



