২৫ সেপ্টেম্বর, ২০২৬

উপজেলা খবর

অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ

শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। অবরোধের কারণে সোহাগপুর বাসস্ট্যান্ড থেকে বেড়তলা বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে দূরপাল্লার যাত্রীসহ স্থানীয় মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, গত বৃহস্পতিবার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর, দুর্গাপুর ও তাজপুর গ্রামের উত্তর পাশের মেঘনা নদী থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করা হয়। ওই কর্মসূচিতে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার এবং আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সফিকুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন। এ সময় তারা অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

তবে আন্দোলনকারীদের অভিযোগ, গতকাল রাতে মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজনের ওপর হামলা চালানো হয় এবং তাদের হুমকি দেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদে শনিবার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন স্থানীয়রা।

খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে বিক্ষোভকারীরা অভিযুক্তদের গ্রেপ্তার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেছেন। বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অবরোধ প্রত্যাহারের চেষ্টা করছেন।