ভবনের সিঁড়ির পাশ থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার; পরিবারের সন্দেহ চাচাতো ভাইদের দিকে
ব্রাহ্মণবাড়িয়া শহরে মোহাম্মদ আনিসুর রহমান (১৩) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) রাতে জেলা শহরের পাওয়ার হাউস রোড এলাকার একটি চারতলা ভবনের নিচতলার সিঁড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আনিসুর রহমান নবীনগর উপজেলার লক্ষ্মীপুর সাতঘরহাটি গ্রামের আলকাছ মিয়া ও জাহানারা বেগমের ছেলে। তার পরিবারের বাড়ি নবীনগরে হলেও কয়েক মাস ধরে তারা ব্রাহ্মণবাড়িয়া শহরের পাওয়ার হাউস রোড এলাকার ওই ভবনের চতুর্থ তলায় ভাড়া থাকতেন। আনিসুর কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ জানায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কয়েক মাস আগে আনিসুরের এক চাচা খুন হন। ওই হত্যা মামলায় আনিসুরের বাবা আলকাছ মিয়া আসামি হওয়ায় নিরাপত্তার কারণে তারা পরিবার নিয়ে শহরে ভাড়া বাসায় বসবাস করছিলেন।
শুক্রবার রাত ৮টার দিকে ভবনের নিচতলার সিঁড়ির পাশে আনিসুরের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের পরিবারের অভিযোগ, আনিসুরের মৃত্যুর ঘটনায় তার চাচাতো ভাইদের সম্পৃক্ততা থাকতে পারে। তবে অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, আনিসুর কীভাবে মারা গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড—ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. রকীব উর রাজা বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। রাতেই মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।




