আসন্ন ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন ফরম কিনেছেন রেডক্রিসেন্টের এডহক কমিটির একাধিকবার মনোনীত সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর রুবেল।
বুধবার (২৬ আগস্ট) তিনি আসন্ন নির্বাচনে সদস্য পদে প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রাশেদ কবির আখন্দ, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জিয়াউল হক, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মহসিন উদ্দিন বাবু, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকরাম হোসেন ও ইমরুল চৌধুরী, সাবেক ছাত্রনেতা ইমরান খানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন ফরম সংগ্রহের পর নিজের প্রার্থিতার বিষয়ে তানভীর রুবেল বলেন, সমাজসেবায় তাদের পরিবারের দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে। সেই পারিবারিক ঐতিহ্য, রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি রেডক্রিসেন্টের নির্বাচনে প্রার্থী হয়েছেন।

তিনি বলেন, “আমাদের পরিবারের ঐতিহ্যগতভাবেই সাংগঠনিক ও সামাজিক অবস্থান রয়েছে। আপনারা জানেন বিগত ফ্যাসিজম সরকার সবকিছুর মতো রেডক্রিসেন্টও একতরফা চালিয়েছে কোন নির্বাচন দেয় নাই দিলেও সেটি একতরফা হয়েছে। হাজার হাজার ভোটার ভোট প্রয়োগ করতে পারেনি। দীর্ঘ সময় পর রেডক্রিসেন্টে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ভোট উৎসবে আমি আমার পারিবারিক ঐতিহ্য, রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতাকে সামনে রেখে কাজ করে যাচ্ছি।”
তানভীর রুবেল আরও বলেন, নির্বাচিত হলে রেডক্রিসেন্টের সদস্যদের স্বার্থ রক্ষা এবং সংগঠনের মানবিক ও সামাজিক কার্যক্রমকে আরও কার্যকর করতে সর্বোচ্চ অবদান রাখবেন।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “ইনশাআল্লাহ, নির্বাচিত হলে সদস্যদের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ অবদান রাখবো।”




