ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক কাজের যে ঐতিহ্য এন.আই. ভূঁইয়া পরিবার দীর্ঘদিন ধরে বহন করছে, সেই ধারাবাহিকতায় মানবিক সেবায় আরও সক্রিয় হতে চান মো. তানভীর রুবেল। আগামী ৫ সেপ্টেম্বর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের কার্যনির্বাহী কমিটি নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।
পারিবারিক ঐতিহ্য
তানভীর রুবেলের দাদা মরহুম নূরুল ইসলাম ভূঁইয়া ছিলেন শিক্ষা ও জনকল্যাণে যুক্ত একজন সমাজসেবী, যাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় চারগাছ এন.আই. ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও ডিগ্রি কলেজ। ১৯৮৫ সালে স্থাপিত ‘এন.আই. ভূঁইয়া স্বাস্থ্য প্রকল্প’ পরবর্তীতে ধাপে ধাপে রূপ নেয় বর্তমান ২৫০ শয্যার জেলা জেনারেল হাসপাতালে। শিক্ষা ও স্বাস্থ্য—এই দুই খাতে পরিবারের অবদানকে সামনে রেখেই তানভীর রুবেল তাঁর মানবিক কর্মকাণ্ড এগিয়ে নিতে চান।
রাজনৈতিক অভিজ্ঞতা
ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতিতে যুক্ত তানভীর রুবেল ওয়ার্ড ছাত্রদল থেকে শুরু করে সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ও জেলা ছাত্রদলে দায়িত্ব পালন করেছেন। পরে যুবদলে সদর উপজেলার সদস্য সচিব এবং জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও কাজ করেছেন। এই সাংগঠনিক অভিজ্ঞতা এখন মানবিক কাজে লাগাতে চান বলে জানান তাঁর সমর্থকরা।
ব্যবসায়িক পটভূমি
পরিবারের সদস্যরা উত্তরা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মাধ্যমে কর্মসংস্থান ও উৎপাদনের সঙ্গেও যুক্ত—সমাজসেবা আর অর্থনৈতিক কর্মকাণ্ড, এই দুই ধারার অভিজ্ঞতাই তাঁর কাজের পরিধি বাড়ানোর ভিত্তি বলে মনে করেন সমর্থকরা।
তানভীর রুবেল বলেন, “অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রমকে আরও গতিশীল ও বিস্তৃত করাই আমার লক্ষ্য।” নির্বাচিত হলে সংগঠনের সেবা কার্যক্রম বিস্তৃত করা এবং প্রয়োজনের সময় দ্রুত মানুষের পাশে দাঁড়ানোর সক্ষমতা বাড়ানোই তাঁর অগ্রাধিকার। ৫ সেপ্টেম্বরের নির্বাচনে ইউনিট সদস্যদের সমর্থন ও ভোট কামনা করেছেন তিনি।




