ব্রাহ্মণবাড়িয়ার স্বেচ্ছাসেবী সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’-এর উদ্যোগে আরও একটি অজ্ঞাত ব্যক্তির বেওয়ারিশ লাশ দাফন সম্পন্ন হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, এটি তাদের উদ্যোগে দাফন করা ২৬৯তম বেওয়ারিশ লাশ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট ভোর সাড়ে ৫টার দিকে আখাউড়া রেলওয়ে থানাধীন ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর এলাকার ২১৪/৮-৯ কিলোমিটার পয়েন্টে একটি অজ্ঞাত ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি নিহত হন। নিহত ব্যক্তির আনুমানিক বয়স প্রায় ৫০ বছর বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। পরে নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করলেও তার পরিচয় জানা সম্ভব হয়নি।

রেলওয়ে পুলিশ, পিবিআই এবং ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের পক্ষ থেকে বিভিন্ন মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চালানো হলেও কোনো স্বজনের সন্ধান পাওয়া যায়নি। পরিচয় শনাক্ত না হওয়ায় ১১ দিন অপেক্ষার পর সোমবার (২৪ আগস্ট) বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের উদ্যোগে অজ্ঞাত ব্যক্তির বেওয়ারিশ লাশ দাফন সম্পন্ন করা হয়।
রেলওয়ে পুলিশের প্রাথমিক ধারণা, নিহত ব্যক্তি আখাউড়ার খড়মপুর কেল্লা শাহ মাজারের বার্ষিক ওরশে যোগ দিতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারেন।
ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. আজহার উদ্দিন জানান, মানবিক দায়িত্ববোধ থেকে সংগঠনটি দীর্ঘদিন ধরে বেওয়ারিশ মরদেহ দাফনের কাজ করে আসছে। সর্বশেষ এই দাফনের মাধ্যমে সংগঠনটির উদ্যোগে মোট ২৬৯টি বেওয়ারিশ লাশ দাফন সম্পন্ন হয়েছে।
সূত্র: আখাউড়া রেলওয়ে থানা, ব্রাহ্মণবাড়িয়া (অস্বাভাবিক মৃত্যু মামলা নং-৩০/২৬, তারিখ: ১৩ আগস্ট ২০২৬)।




