২৪ সেপ্টেম্বর, ২০২৬

রাজনীতি

শোভনসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে ছাত্রদলের ঐক্যবদ্ধ মিছিল

শোভনসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের মিছিল
শোভনসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের মিছিল

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভনসহ সংগঠনটির নেতাকর্মীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ঐক্যবদ্ধভাবে মিছিল করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদল।

সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টার দিকে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে জেলা ছাত্রদলের উদ্যোগে মিছিলটি বের হয়। মিছিলে জেলা ছাত্রদলের বর্তমান নেতাদের পাশাপাশি সাবেক সদস্যসচিব, সাবেক সহসভাপতি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাদেরও অংশ নিতে দেখা যায়।

মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশটি সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজিদুর রহমান সাজিদ। এতে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জিমি হৃদয়, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি রনি, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাসেল সরকার, সাবেক সহসভাপতি মোকারম হোসেন আদি, যুগ্ম আহ্বায়ক রিজোয়ান হক (শীষ) এবং জেলা ছাত্রদলের সদস্যসচিব সমীর চক্রবর্তী।

এছাড়াও মিছিলে জেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব মহসিন হৃদয়, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাকিবুজ্জামান চৌধুরী (ইমরুল), সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেনসহ জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত থাকতে দেখা যায়।

সমীর চক্রবর্তী, মহসিন হৃদয়, সাজিদুর রহমান সাজিদ ও মোকারম হোসেন আদির একসঙ্গে মিছিলে অংশগ্রহণকে ঘিরে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে। তাদের প্রত্যাশা, জেলা ছাত্রদল আরও ঐক্যবদ্ধ হয়ে সাংগঠনিকভাবে শক্তিশালী হবে।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রায় দুই বছর আত্মগোপনে থাকার পর নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন সম্প্রতি প্রকাশ্যে এসে কর্মসূচিতে অংশ নিয়েছেন। তার নেতৃত্বে নৌমহড়া ও সভা অনুষ্ঠিত হলেও প্রশাসন কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন তারা।

বক্তারা আরও অভিযোগ করেন, এসব কর্মসূচিতে অংশ নেওয়া নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের এখনো গ্রেপ্তার করা হয়নি।

সমাবেশ থেকে শাহাদাৎ হোসেন শোভনসহ নিষিদ্ধ ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। একই সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের প্রকাশ্যে এসে ছাত্রদলের মোকাবিলা করার আহ্বান জানান বক্তারা।

আরও পড়ুন: শোভনের শোডাউন: নিষেধাজ্ঞার মধ্যেও ফেরার বার্তা

শোভনের শোডাউন, সমীরের চ্যালেঞ্জ, রুবেলের পাল্টা জবাব

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে ছাত্রদলের মিছিল