আইন ও অপরাধ

ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, জরিমানা ৪ হাজার ৫০০ টাকা

ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। সোমবার (১৭ আগস্ট) কুমিল্লা-সিলেট মহাসড়কে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অনুমোদিত মাত্রার বেশি শব্দ উৎপন্ন এবং হাইড্রোলিক হর্ন ব্যবহার করার অপরাধে তিনটি পরিবহনকে তিনটি মামলায় মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে গাড়িগুলো থেকে পাঁচটি হাইড্রোলিক হর্ন জব্দ করে বিনষ্ট করা হয়েছে।

এ সময় প্রায় ১০টি বাস, ট্রাক ও অটোরিকশায় শব্দদূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।

অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন রোমানা আক্তার। পরিবেশ অধিদপ্তরের পক্ষে প্রসিকিউশন প্রদান করেন পরিদর্শক মো. রাখিবুল হাসান। অভিযানে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় জানিয়েছে, শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।

বিবি টাইমস ডেস্ক