গ্রেপ্তার মো. নাছির উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া পৌর বিএনপির বর্তমান কমিটির কোষাধ্যক্ষ।
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় বিএনপি নেতা মো. নাছির উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে জেলা শহরের সদর মডেল থানাসংলগ্ন ফকিরাপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. নাছির উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া পৌর বিএনপির বর্তমান কমিটির কোষাধ্যক্ষ। তিনি শহরের পশ্চিম পাইকপাড়া হাজীবাড়ি এলাকার মো. মিলন মিয়ার ছেলে।
পুলিশ জানায়, ২০১৫ সালে দায়ের করা একটি মাদক মামলায় নাছির উদ্দিনের বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। ওই পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় নাছির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।



