পজিটিভ সরাইলের রাতের আড্ডা ও সংবর্ধনা অনুষ্ঠিত। দুই সাংবাদিক মাহবুব খান বাবুল ও সৈয়দ কামরুজ্জামান ইউসুফকে সম্মাননা।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্বেচ্ছাসেবী সামাজিক ও মানবিক সংগঠন ‘পজিটিভ সরাইল’ পরিবারের রাতের আড্ডা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলা সদরের পাঠানপাড়া এলাকার ক্যাফে জম জম হাউজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পজিটিভ সরাইল’ সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার সন্দীপ দত্ত মানুর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সাংবাদিক জহিরুল ইসলাম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম মাস্টার। সংগঠনের ধর্মবিষয়ক সম্পাদক ক্বারী মো. জামাল উদ্দিনের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা, সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন। এ সময় তারা সরাইলের বিভিন্ন সামাজিক সমস্যা, অনিয়ম এবং মানবিক কর্মকাণ্ড নিয়ে নিজেদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।

সরাইলে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের স্বীকৃতিস্বরূপ সরাইল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিনের সরাইল প্রতিনিধি সাংবাদিক মাহবুব খান বাবুলকে ‘পজিটিভ সরাইল’-এর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া দীর্ঘদিন ধরে সরাইল থেকে নিয়মিত সাপ্তাহিক ‘পরগনা’ পত্রিকা প্রকাশ এবং ‘পরগনা বন্ধু ফোরাম’-এর উদ্যোগে টানা ১৭০ সপ্তাহ ধরে প্রতি শুক্রবার বাদ জুমা গরিব ও অসহায় মানুষের মাঝে এক বেলা খাবার বিতরণের মানবিক কর্মকাণ্ড পরিচালনার স্বীকৃতিস্বরূপ পত্রিকাটির সম্পাদক ও পরগনা বন্ধু ফোরামের সভাপতি সাংবাদিক সৈয়দ কামরুজ্জামান ইউসুফকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সরাইলের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে জনকল্যাণে ইতিবাচক ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
