ট্রেন্ডিং

তীব্র গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় তীব্র গ্যাস সংকট, বন্ধ ফিলিং স্টেশন,ভোগান্তিতে যাত্রীরা। বাসা বাড়ীতেও জ্বলছে না আগুন। 

ব্রাহ্মণবাড়িয়ায় তীব্র গ্যাস সংকটে পড়েছেন গ্রাহকরা। আজ শুক্রবার (১৪ আগস্ট) সকাল থেকেই গ্যাসের চাপ কম থাকায় চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করতে পারছে না বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এতে জেলার বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে গ্যাসের চুলা জ্বলছে না।

গ্যাস সংকটের প্রভাব পড়েছে জেলার ফিলিং স্টেশনগুলোতেও। গ্যাসের চাপ না থাকায় ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ রয়েছে বলে জানা গেছে। ফলে সিএনজিচালিত যানবাহন সংকটে পড়ায় বাড়তি ভাড়ায় যাতায়াত করতে হচ্ছে যাত্রীদের। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

এ বিষয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া শাখার উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. শফিকুল হক বলেন, ‘এলএনজি সংকটের কারণে গ্রাহকদের নিরবচ্ছিন্ন গ্যাস দেওয়া যাচ্ছে না। কবে নাগাদ এই সংকট কাটবে, সে সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষও আমাদের সুনির্দিষ্ট কিছু জানাতে পারছে না। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুদিন সময় লাগবে বলে বোঝা যাচ্ছে।’

হঠাৎ তীব্র গ্যাস সংকটে রান্নাবান্না থেকে শুরু করে পরিবহন খাতেও দুর্ভোগ দেখা দেওয়ায় দ্রুত সংকট নিরসনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

আকরাম হোসেন