আইন ও অপরাধ

সরাইলে মেঘনা থেকে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড

ইউএনওর অভিযানে ড্রেজার ও বাল্কহেড জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সাতজনকে আটক করে ৪০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু উত্তোলন ও পরিবহনে ব্যবহৃত একটি ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করা হয়।

বুধবার (১২ আগস্ট) দুপুরে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—রাহাত (১৭), মো. আলামিন (২৫), হৃদয় (১৮), কামাল (৫০), আবুল কাসেম (৪০), মো. ফুরকান মিয়া (৩৩) ও আওলাদ হোসেন (২৮)।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে ইউএনও মো. সাইফুল ইসলাম বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় আটক ব্যক্তিদের প্রত্যেককে ৪০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সরাইল প্রতিবেদক