জাতীয়

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়ন, দলীয় পদ ছাড়লেন

ছবি সংগ্রহীত

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পাওয়ার পর দলটির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার কারণে তিনি দলীয় দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে পদত্যাগপত্র জমা দেন মির্জা ফখরুল। পরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিতে দুপুর ২টার দিকে রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যায়। তার মনোনয়নপত্রের প্রস্তাবক করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে। সমর্থক হিসেবে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের প্রতিদ্বন্দ্বী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট তাকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করেছে। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে জোটের শীর্ষ নেতারা নির্বাচন কমিশনে গিয়ে অলি আহমদের মনোনয়নপত্র দাখিল করেন।

বিএনপি থেকে বের হয়ে এলডিপি গঠন করা অলি আহমদ এবার সাবেক রাজনৈতিক সহকর্মী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিপরীতে রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একাধিক প্রার্থী থাকায় এবারের রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটির প্রয়োজন হচ্ছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার পর আগামী ১৬ আগস্ট প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট।

একাধিক প্রার্থী থাকায় প্রায় ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে সরাসরি ভোটের পরিস্থিতি তৈরি হয়েছে। জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্যদের ভোটে দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

জাতীয় সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি। ফলে বিএনপির পক্ষ থেকে তার প্রার্থিতা ঘোষণার পরই দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে তার নির্বাচিত হওয়ার পথ অনেকটাই পরিষ্কার হয়ে গেছে।

বিবিটাইমস ডেস্ক