ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের উদ্যোগে ৯৭ মেধাবী শিক্ষার্থী পেল বৃত্তি

ব্রাহ্মণবাড়িয়ায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে জেলা পরিষদ। ‘টাকার অভাবে কোনো মেধাবীর পড়াশোনা বন্ধ হবে না’—এই প্রত্যয়কে সামনে রেখে শনিবার (৮ আগস্ট) জেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

অনুষ্ঠানে জেলার ৯৭ জন মেধাবী শিক্ষার্থীর হাতে ১০ হাজার টাকার নগদ চেক ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, নটরডেম কলেজ ও হলিক্রস কলেজসহ দেশের বিভিন্ন শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রয়েছেন।

এছাড়া তথ্যপ্রযুক্তি শিক্ষার প্রসারে অটুল বিহারি উচ্চ বিদ্যালয়কে একটি এইচপি ল্যাপটপ প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, প্রকৃত মেধাবীদের এ ধরনের স্বীকৃতি ও মূল্যায়ন তাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগাবে।

সভাপতির বক্তব্যে সিরাজুল ইসলাম সিরাজ বলেন, অতীতে অনেক প্রকৃত মেধাবী যথাযথ মূল্যায়ন থেকে বঞ্চিত হয়েছে। টাকার অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা ব্যাহত হলে জেলা পরিষদ তার পাশে দাঁড়াবে। তিনি বলেন, আজকের এসব মেধাবী শিক্ষার্থীই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদির মিয়ার সমন্বয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ ও পুলিশ সুপার শাহ মো. আবদুর রউফ। এছাড়া বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।