ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে সংসদে দেওয়া বক্তব্যের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ দুঃখ প্রকাশ করায় নিজেদের কর্মসূচি প্রত্যাহার করেছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। তবে তাদের কর্মসূচি প্রত্যাহার হলেও জেলা শিল্পকলা একাডেমিতে এনসিপির নির্ধারিত সাংগঠনিক অনুষ্ঠান হচ্ছে না।

শনিবার (২৯ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এনসিপি নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার পর কর্মসূচি প্রত্যাহারের বিষয়টি জানায় কওমি ছাত্র ঐক্য পরিষদ।
জেলা প্রশাসন জানিয়েছে, জেলা শিল্পকলা একাডেমি কোনো রাজনৈতিক অনুষ্ঠান আয়োজনের স্থান নয়। ফলে সেখানে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা আয়োজনের অনুমতি দেওয়া হয়নি।
জানা গেছে, শনিবার বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এর আগে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে কওমি ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে মাদরাসার শিক্ষার্থীরা হাসনাত আবদুল্লাহর ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে সংসদে দেওয়া বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেন। সে সময় হাসনাত আবদুল্লাহ দুঃখ প্রকাশ না করলে এনসিপির অনুষ্ঠান প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়।
পরিস্থিতির মধ্যে শনিবার বিকেল ৩টায় একই স্থানে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণা দেয় কওমি ছাত্র ঐক্য পরিষদ।
তবে শনিবার দুপুরে নিজের ফেসবুক স্ট্যাটাসে হাসনাত আবদুল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝির কথা উল্লেখ করে সংসদে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন।
এর পরিপ্রেক্ষিতে কওমি ছাত্র ঐক্য পরিষদ তাদের ঘোষিত কর্মসূচি প্রত্যাহার করে নেয়।
ব্রাহ্মণবাড়িয়া কওমি ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল খালেক বলেন, “হাসনাত আবদুল্লাহ দুঃখ প্রকাশ করেছেন। এর পরিপ্রেক্ষিতে কওমি ছাত্র ঐক্য পরিষদের নির্ধারিত কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। এনসিপির কর্মসূচিতে আমাদের কোনো বাধা থাকবে না।”
এদিকে জেলা প্রশাসক মো. আবুসাঈদ বলেন, “এনসিপি শিল্পকলা একাডেমিতে একটি ঘরোয়া অনুষ্ঠান করবে বলে জানিয়েছিল। কিন্তু রাজনৈতিক সমাবেশ হবে, সেটা জানায়নি। সে কারণে ওইভাবে অনুমতি দেওয়া সম্ভব নয়। শিল্পকলা একাডেমি কোনো রাজনৈতিক অনুষ্ঠানের জন্য নয়। তারা সেখানে অনুষ্ঠান করতে পারবে না।”




