সহজ সেবা, দ্রুত ও জবাবদিহিমূলক করতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ‘ডিজিটাল রূপান্তর প্ল্যাটফর্ম’ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবির প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এ প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদ। প্রধান অতিথি ছিলেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল।
মন্ত্রী বলেন, ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর ফলে টিসিবির উপকারভোগীরা আরও সহজে পণ্য সংগ্রহ করতে পারবেন। হারিয়ে যাওয়া টিসিবি কার্ড ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে পুনরুদ্ধারের সুযোগও থাকবে। পাশাপাশি ডিলার নিয়োগসহ টিসিবির বিভিন্ন সেবা অনলাইনের আওতায় আনার ওপর গুরুত্ব দেন তিনি।
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাতে সঠিকভাবে টিসিবির সেবা পান, সে জন্য প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও আধুনিক ও ডিজিটাল করতে হবে।
খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ডিজিটাল ব্যবস্থাপনার ফলে টিসিবির কার্যক্রমে জবাবদিহিতা বাড়বে। নতুন উপকারভোগী অন্তর্ভুক্তি, হারানো কার্ড পুনরুদ্ধার এবং সেবা গ্রহণের প্রক্রিয়া সহজ করতে এ প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে টিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




