বিএনপি ক্ষমতায় এলে দেশে গ্যাস-বিদ্যুৎ সংকট, ঋণখেলাপি ও দুর্নীতির মতো সমস্যা তৈরি হবে—এমন মন্তব্য করেছেন বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা।
বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে একটি আইন নিয়ে আলোচনার সময় তিনি এসব কথা বলেন।
সংসদে বক্তব্যের শুরুতে রুমিন ফারহানা বলেন, ‘প্রত্যেকটা সরকারের একটা চরিত্র থাকে।’ বিএনপি ক্ষমতায় এলে গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না—এমনটি হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
এরপর তিনি বিএনপির শাসনামল নিয়ে আরও সমালোচনা করেন। রুমিন ফারহানা বলেন, বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না—এটিও সম্ভব নয়।
ঋণখেলাপি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশ ঋণখেলাপিতে সর্বোচ্চ অবস্থানে যাবে না—এমনটিও হতে পারে না। তার দাবি, দেশে ঋণখেলাপির পরিমাণ ৬ লাখ ৬ হাজার কোটি টাকার বেশি।
সংসদে এ সময় হট্টগোলের পরিস্থিতি তৈরি হলে রুমিন ফারহানা বলেন, সংসদের পরিবেশ দেখে মনে হচ্ছে তারা ‘আওয়ামী লীগের আমলে ফিরে গেছেন’।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় বিরোধী দল হিসেবে কথা বলার সময়ও একই ধরনের হট্টগোল হতো। এখন বিএনপি একই ধরনের আচরণ করছে, বরং আরও খারাপ আচরণ করছে বলেও মন্তব্য করেন তিনি।
পরে আলোচ্য আইনের একটি ধারা নিয়ে কথা বলেন রুমিন ফারহানা। তিনি বলেন, আইনে ১৮(ক) ধারা যুক্ত করা হয়েছে। আগে এই ধারা রাখা হবে না বলে বলা হয়েছিল।
ঋণখেলাপি প্রসঙ্গে তিনি আরও বলেন, সংসদের অনেক সদস্যই ঋণখেলাপি হিসেবে পরিচিত। নির্বাচনের আগে ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য আদালতে রিট করার বিষয়টিকে তিনি ‘পুরোনো সংস্কৃতি’ হিসেবে উল্লেখ করেন।
রুমিন ফারহানা বলেন, নির্বাচনের আগে দ্রুত ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা করা হয় এবং নির্বাচন শেষ হওয়ার পর আবার একই পরিস্থিতি তৈরি হয়।




