নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়ায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জাতীয় সংসদে তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।
বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া একটি শিক্ষিত জনগোষ্ঠীর জেলা। শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রেও জেলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু জেলায় কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় না থাকায় উচ্চমাধ্যমিকের পর শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য অন্যত্র যেতে হয়।
এতে শুধু ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীরাই নয়, পার্শ্ববর্তী মাধবপুর, ভৈরব এবং কুমিল্লার একাংশের শিক্ষার্থীরাও সমস্যায় পড়ছেন বলে সংসদে উল্লেখ করেন তিনি।
শ্যামল বলেন, ব্রাহ্মণবাড়িয়া তুলনামূলক রক্ষণশীল এলাকা হওয়ায় অনেক অভিভাবক মেয়েদের উচ্চশিক্ষার জন্য ঢাকা বা চট্টগ্রামের মতো দূরের শহরে পাঠাতে অনাগ্রহী। জেলায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে বিশেষ করে নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও বাড়বে।
ইশতেহারেও ছিল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অঙ্গীকার
জাতীয় সংসদ নির্বাচনের আগে ঘোষিত নির্বাচনী ইশতেহারে ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন খালেদ হোসেন মাহবুব শ্যামল।
ফলে সংসদে তাঁর সাম্প্রতিক বক্তব্যকে নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়নের দাবির ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন খালেদ হোসেন মাহবুব শ্যামল।
ব্রাহ্মণবাড়িয়ায় পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের। সংসদে বিষয়টি উত্থাপনের মধ্য দিয়ে দাবিটি জাতীয় পর্যায়ে আবারও আলোচনায় এসেছে।




