ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার দেওড়া গ্রামে তরুণদের সংগঠন ভাই-ব্রাদার্সের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী চাইনিজবার ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ফাইনালে আশুগঞ্জের মৌবন একাদশকে ট্রাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দেওড়া পশ্চিমপাড়া একাদশ।
ফাইনাল শেষে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু। আয়োজনের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী লায়ন আব্দুর রহিম।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন আশরাফুল করিম রিপন এবং বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন আসলাম খান। হুমায়ুন কাজীর পৃষ্ঠপোষকতায় আয়োজনটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আর. এ. কে. শাহীন। নুরুল আজম চৌধুরীর সার্বিক পরিকল্পনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাবিবুল হক রাজ্জি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউপি সদস্য আলীরাজা, মোহাম্মদ সুহেল মিয়া, আলফু মিয়া, জামাল হোসেন প্রমুখ। সৈয়দ সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন আক্তার হোসেন ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু বলেন, “মাদকের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে। মাদকের বিষয়ে কোনো প্রকার ছাড় দেওয়া যাবে না। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

এ সময় অন্যান্য বক্তারাও মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর দিক তুলে ধরে তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। পাশাপাশি সুন্দর ও নান্দনিক আয়োজনের জন্য ফুরকান, সাহিব, তামিম, জুবায়েদ, তানজিল, সাদী ও সিয়ামসহ আয়োজকদের প্রশংসা করা হয়।
অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন দল দেওড়া পশ্চিমপাড়া একাদশকে পুরস্কার হিসেবে একটি ফ্রিজ এবং রানারআপ মৌবন একাদশকে একটি টেলিভিশন প্রদান করা হয়। এছাড়া ম্যান অব দ্য ফাইনাল, ম্যান অব দ্য টুর্নামেন্ট ও সেরা গোলকিপারসহ বিভিন্ন ব্যক্তিগত পুরস্কারও প্রদান করা হয়।
আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং মাদকের ভয়াল ছোবল থেকে দূরে রাখার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে।
