ব্রাহ্মণবাড়িয়ার তিতাস পূর্বাঞ্চলে বসতভিটা, ফসলি জমি, হাওর-বিল ও জলাশয় ভরাট করে উপশহর স্থাপনের উদ্যোগ বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন কৃষক-কৃষাণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও দেওয়া হয়েছে।
বুধবার (১২ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি জহিরুল ইসলাম স্বপন, হুসেন আহমদ খান, বীর মুক্তিযোদ্ধা মতিলাল বণিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য দেন।
বক্তারা বলেন, তিতাস পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় রয়েছে ফসলি জমি, হাওর-বিল, জলাশয় ও বসতভিটা। এসব প্রাকৃতিক ও কৃষিজমি ভরাট করে অপরিকল্পিতভাবে উপশহর স্থাপন করা হলে কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে জলাবদ্ধতাসহ নানা ধরনের পরিবেশগত সংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
তাঁরা বলেন, উন্নয়নের নামে কোনোভাবেই কৃষিজমি, জলাশয় ও প্রাকৃতিক সম্পদ ধ্বংস করা উচিত নয়। তিতাস পূর্বাঞ্চলের কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় উপশহর স্থাপনের তৎপরতা বন্ধ করে প্রকল্পটি পুনর্বিবেচনা করতে হবে।
মানববন্ধন শেষে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন আন্দোলনকারীরা।
